
বিশ্বকর্মা পুজো উপলক্ষে একদিনের জন্য বন্ধ থাকছে বারাসত-বি গার্ডেন বাস পরিষেবা। আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার, সকাল থেকে রাত পর্যন্ত এই রুটের কোনও বাস চলবে না বলে জানিয়েছে বাস সংগঠন। যাত্রীদের আগে থেকেই বিষয়টি জানাতে বাসগুলিতে পোস্টারও দেওয়া হয়েছে।
বারাসত-বি গার্ডেন বাস মজদুর সঙ্ঘ (BMS) এবং বাস মালিক সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে কর্মীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সেই কারণেই বছরের এই একটি দিন সম্পূর্ণভাবে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সম্পাদক প্রণব দাস জানান, সারা বছর বাসকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেন। তাই প্রীতিভোজের জন্য এই একটি দিন কর্মীদের ছুটি দেওয়া হচ্ছে। তবে সন্ধ্যার পর প্রয়োজন হলে কেউ বি গার্ডেনের দিকে বাস নিয়ে যেতে চাইলে সেই সুযোগ থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সংগঠনের কোষাধ্যক্ষ মহম্মদ শরিফউদ্দিন আহমেদ জানিয়েছেন, যাত্রীদের যাতে হঠাৎ সমস্যায় পড়তে না হয়, তার জন্য প্রায় এক সপ্তাহ আগে থেকেই বাসগুলিতে নোটিশ টাঙানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই সংক্রান্ত পোস্ট ছড়িয়েছে।
প্রায় ৫০টির বেশি বাস বন্ধ
বারাসত-বি গার্ডেন রুটে প্রায় ৫০ থেকে ৫৩টি বাস চলাচল করে। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সবকটি বাসই বন্ধ থাকবে।
এই রুটটি উত্তর ২৪ পরগনা থেকে বাইপাস হয়ে হাওড়ার দিকে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সল্টলেকের অফিসপাড়ায় যাতায়াতকারী বহু মানুষও এই বাস পরিষেবার উপর নির্ভর করেন। ফলে একদিন বাস বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হতে পারে।
তবে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বাস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ পুজোর দিন কোনও সমস্যা না থাকলেও তার পরদিন, ১৯ সেপ্টেম্বর, গোটা দিনের জন্য বন্ধ থাকবে বারাসত-বি গার্ডেন রুটের বাস পরিষেবা।



Leave a comment