
PF বা প্রভিডেন্ট ফান্ডে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। EPFO-র আওতায় আসার জন্য বেতনের সর্বোচ্চ সীমা ₹১৫,০০০ থেকে বাড়িয়ে ₹২৫,০০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপে অতিরিক্ত ৫১ লক্ষেরও বেশি কর্মী সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন বেতনসীমার ফলে সংগঠিত ক্ষেত্রের আরও বেশি কর্মী EPFO-র সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। এর আওতায় প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে পেনশন এবং বিমা সংক্রান্ত সামাজিক সুরক্ষাও মিলবে।
১২ বছর পর বদল PF-এর বেতনসীমায়
EPFO-র wage ceiling শেষবার ২০১৪ সালের সেপ্টেম্বরে পরিবর্তন করা হয়েছিল। সেই সময় সীমা ₹৬,৫০০ থেকে বাড়িয়ে ₹১৫,০০০ করা হয়। দীর্ঘ সময় পর এবার ফের বেতনসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
নতুন ব্যবস্থায় ₹১৫,০০০-এর বেশি এবং ₹২৫,০০০ পর্যন্ত মাসিক মজুরি পাওয়া কর্মীদের একটি বড় অংশ বাধ্যতামূলক EPFO কভারেজের আওতায় আসতে পারেন।
৫১ লক্ষের বেশি কর্মী আসতে পারেন আওতায়
সরকারের হিসাব অনুযায়ী, এই পরিবর্তনের ফলে ৫১ লক্ষেরও বেশি অতিরিক্ত কর্মী EPFO-র সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেন। ফলে অবসরকালীন সঞ্চয় এবং সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা সুবিধার পরিধি আরও বাড়বে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে বেসরকারি ও সংগঠিত ক্ষেত্রের বহু কর্মীর PF কাঠামোর আওতায় আসার সুযোগ তৈরি হবে। তবে ব্যক্তিগত ক্ষেত্রে PF কাটা ও নিয়োগকর্তার অবদানের পরিমাণ সংশ্লিষ্ট নিয়ম ও বেতনের কাঠামোর উপর নির্ভর করবে।
কেন্দ্রের অতিরিক্ত খরচ কত?
সরকারি তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কেন্দ্রের বার্ষিক অতিরিক্ত ব্যয় প্রায় ₹১১,৩৩৯ কোটি হতে পারে।
কেন্দ্রের বক্তব্য, সময়ের সঙ্গে মজুরি ও কর্মসংস্থানের ধরনে পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই EPFO-র বেতনসীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Leave a comment